আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ৫ জানুয়ারি বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল ।
লন্ডন থেকে দলের সিনিয়র ভাইস চেয়্যারম্যান তারেক রহমানের বক্তব্যে পরিষ্কার হয়েছে, খালেদা জিয়া নাশকতা করতে চেয়েছিলেন। তাদের মনে রাখা উচিত, ‘ ইটটি মারলে পাটকেলটি খেতে হবে।
সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা জনগণের জানমালের নিরাপত্তা দেবার জন্য সতর্ক অবস্থানে আছে- এ কথা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা সতর্ক পাহারায় আছি। কারণ জনগণের জানমালের নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারি দল হিসাবে আমাদেরও রয়েছে।
নানক বলেন, বেগম খালেদা জিয়াকে পুলিশ বাসায় যেতে বলেছিল, তিনি যাননি। এজন্য পুলিশ তার নিরাপত্তা বাড়িয়েছে।
এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, রেলমন্ত্রী মুজিবুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
