বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘স্বাধীনতা ও গণতন্ত্রকে বাস্তব রূপ দিতে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে। আমরা বিএনপিকে ক্ষমতায় বসান, তা বলিনি। আমরা ভোটের অধিকার প্রয়োগ করতে চাই। তা ফিরিয়ে দিন।’
সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমর্থিত পেশাজীবীদের এক সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘দেশের প্রধান রাজনৈতিক দলের কার্যালয় তালাবদ্ধ করে সরকার গণতন্ত্রের কথা বলছে। অন্যদিকে মিথ্যাচার করছে, খালেদা জিয়া নাকি বন্দী নন। তিনি যেখানে খুশি যেতে পারেন।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘তাহলে কার্যালয়ের সামনে বালুর ট্রাক রেখেছেন কেন?’
তিনি নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এবং খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তালা মারার প্রতিবাদে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। সমাবেশ শেষে ফখরুল, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ কয়েকজন জাতীয় প্রেসক্লাবের ফটক দিয়ে বেরিয়ে আসতে চাইলে বাইরে অবস্থানরত সরকার সমর্থকরা বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষে মারামারিও বেঁধে যায়। তখন সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ফখরুলসহ বিরোধী দলের নেতারা প্রেসক্লাবের ভেতরেই অবস্থান নেন।
