ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দেশবাসীর কাছে ক্ষমা চাইলে তাদের দল সমাবেশ করার অনুমতি পেতে পারে। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতাকর্মীদের সাথে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লন্ডনে বসে তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে নানা কটূক্তি করছেন। আর দেশে তার মা খালেদা জিয়ার নির্দেশে জনগণের জান-মালের ক্ষতি সাধনে সন্ত্রাসী কর্মকান্ড চালানো হচ্ছে।
তিনি বলেন, জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন হয়েছে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, এর দায় তো জনগণ নিতে পারে না।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ৫ জানুয়ারি আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস পালন করতে চেয়েছিল। ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ (ডিএমপি) রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করায় আমরা আমাদের কর্মসূচি বাতিল করেছি। আর বিএনপি নেতাকর্মীরা রোববার থেকেই বাসে আগুন দিয়ে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছেন।
এদিকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আজ সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, ‘আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কোথায় কোনো স্লোগান-মিছিল হচ্ছে না। এই অবস্থান ডিএমপির নিষেধাজ্ঞার লঙ্ঘন নয়।’
এসময়ে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মাহরগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।
