আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নেতা-কর্মীহীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসহায় হয়ে পড়েছেন।’
সোমবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নাসিম বলেন, ‘বিএনপি নেত্রীকে আন্দোলনের ডাক দিয়ে নিজেকেই মাঠে নামতে হয়। তার ডাকে তার নেতা-কর্মীরা মাঠে নামে না। খালেদা জিয়া আজ অসহায় হয়ে গেছেন। তাকে একাই মাঠে নামতে হয়।’
বিএনপি নেতারা গর্তে ঢুকে পড়েছেন মন্তব্য করে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন, ‘বিএনপি নেতাদের কোথাও দেখা যায় না। তারা গর্তে ঢুকে পড়েছেন। খালেদা জিয়া ডাকলেন, নামলেন কিন্তু নেতারা নামলেন না। উনি একাই থাকলেন। কি অসহায় খালেদা জিয়া! কর্মী নাই, নেতা নাই।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরাও আন্দোলন করেছি। আন্দোলন করতে হলে ব্যারিকেড ভেঙেই আন্দোলন করতে হয়। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্য পরাজিত নেত্রীর আর্তনাদ।’
‘নিরাপত্তার অজুহাতে বন্দী করে রাখা হয়েছে’ খালেদা জিয়ার এমন অভিযোগের জবাবে তিনি বলেন, কেউ তাকে বাধা দেয়নি। খালেদা জিয়াকে আমরা কেউ বন্দি করিনি। তার বাসায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার নিরাপত্তার জন্য তিনি নিজেই থানায় লিখিত আবেদন করেছিলেন। তাই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিএনপি ৫ জানুয়ারি গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিলো বলেই দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করছে বলে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, এক বছর আগে যারা আমাদের কাছে পরাজিত হয়েছেন, তারা আজ আবার মাঠে নেমেছেন। খালেদা জিয়া আওয়ামী লীগের রাজনীতির কৌশলের কাছে পরাজিত হয়েছেন। এ কারণেই তিনি এখন নাটক করছেন। এমন নাটক তিনি জীবনে বহুবার করেছেন।
