সবচেয়ে সস্তায় ইন্টারনেট ফোন আনছে মাইক্রোসফট

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৮:৫১
 
নোকিয়ার অল্প দামে ভালো মানের হ্যান্ডসেট তৈরির অনেক পুরনো সুনাম ছিল। তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখছে নোকিয়ার মোবাইল ফোন ইউনিটের বর্তমান মালিক মাইক্রোসফট।
স্মার্টফোন কেনার মত সামর্থ্য নেই এমন ক্রেতাদের লক্ষ্য রেখে মাত্র ২৯ ডলারে নোকিয়া-২১৫ মডেলের একটি ফোন বাজারে আনতে যাচ্ছে মাইক্রোসফট। বাংলাদেশে ফোনটির সম্ভাব্য দাম ২৩০০ টাকা হতে পারে।
ফোনটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে একবার চার্জ দিয়েই ২৯ দিন পর্যন্ত সচল থাকবে। আর বাড়তি আকর্ষণ হিসেবে ইন্টারনেট ব্যবহারের সব সুবিধা থাকছে ফোনটিতে। এছাড়াও রয়েছে ডুয়েল সিম, টর্চ লাইট, এফএম রেডিও, ২ দশমিক ৪ ইঞ্চি ৩২০X২৪০ রেজুলেশনের ডিসপ্লে, ক্যামেরা ও ব্লুটুথ ব্যবহারের সুবিধা। ইন্টারনেট ব্রাউজ করার জন্য বিল্ট ইন থাকছে অপেরা মিনি মোবাইল ব্রাউজার। এছাড়াও ফেসবুক, টুইটার, ম্যাসেঞ্জার ও বিং সার্চের মত স্মার্ট সুবিধাগুলো পাবেন ব্যবহারকারীরা।
এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মত উদীয়মান বাজারগুলোকে লক্ষ্য রেখেই এমন ফোন বাজারে আনছে মাইক্রোসফট। সূত্র: দি ভার্জ