বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাসের আদালত গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছে।
সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানার দায়ের করা মামলায় এ আদেশ দেয়া হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমান ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ এনে এ মামলাটি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, তারেক রহমান ১৫ ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় ইতিহাস বিকৃতি করে বঙ্গবন্ধুকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রাখেন। ফলে জাতি তথা বাংলাদেশের সুনাম, সুখ্যাতি ক্ষুন্ন হয়েছে। অবমাননা করা হয়েছে মুক্তিযুদ্ধকে। ২০ কোটি টাকার সম্মান হানির অভিযোগ আনা হয়েছে। মামলায় কলাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউর রহমান, ডেপুটি কমান্ডার আব্দুস সাত্তার ফরাজী, উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার,কলাপাড়া পৌর সভার মেয়র এসএম রাকিবুল আহসানসহ আট জনকে স্বাক্ষী করা হয়েছে। মামলার আবেদনকারীর পক্ষে ছিলেন, অ্যাডভোকেট জালাল উদ্দিন তালুকদার।
