কুকুর বাড়ি-ঘরের নিরাপত্তাসহ গোয়েন্দা সংস্থাগুলোতে কাজ করে। এবার এই কুকুর ব্যবহূত হলো উপরে ওঠার সিঁড়ি হিসেবে। কাণ্ডটি ঘটিয়েছে এক মার্কিন রাজনীতিবিদের ছেলে। আর এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কও শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে ২০০৮ সালে প্রেসিডেন্ট পদের জন্য লড়াইকারী এবং আলাস্কার সাবেক গভর্নর সারাহ পালিন ফেসবুকে তার ছেলের একটি ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তার ছয় বছরের ছেলে ট্রিগ রান্নাঘরের একটি আলমারির উপর থেকে কিছু নামানোর জন্য একটি কালো রঙ্গের কুকুরের উপর উঠেছে। ওই সময় কুকুরের চেহারা কেমন হয়েছে তা বোঝা যায়নি। কারণ ট্রিগ যখন কুকুরের উপর উঠছিল তখন কুকুরের মুখ নীচে ছিল। সারাহ পালিন নতুন বছর উপলক্ষে ছবিটি পোস্ট করেছিলেন। কিন্তু তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই সমালোচনা করেছেন তার ছেলের এধরনের কাণ্ডের। সমালোচকরা বলছেন, ওই কুকুরটিকে নির্যাতন করা হয়েছে। গত শনিবার এই ছবির উপর ৬৬ হাজার মানুষ লাইক দেয় এবং ২২ হাজার মানুষ মন্তব্য করেন যার বেশিরভাগই নেতিবাচক। - ইউপিআই
