সিপিবি-বাসদের নিন্দা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ০১:২০

সোমবার রাজধানীর মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “গণতন্ত্র রক্ষার নামে সভা সমাবেশ করতে না দেওয়া, বিএনপি নেত্রীকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা এবং তাদের কেন্দ্রীয় কার্যালয় পুলিশ দিয়ে তালাবদ্ধ করে দেওয়া কোন অবস্থাতেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”
সংবাদ সম্মেলনে সেলিম দেশবাসীর গণতান্ত্রিক অধিকার রক্ষা ও প্রসারিত করার পাশাপাশি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে অর্থ, পেশি শক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজিমুক্ত সবদলের অংশগ্রহণভিত্তিক নির্বাচনের দাবি জানান।
এই দাবি পূরণে দেশের সকল বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন প্রমুখ।