প্রেসক্লাব ফেরারি আসামির জায়গা নয়: হানিফ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৫:০০
 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জাতীয় প্রেসক্লাব ফেরারি আসামি ও সন্ত্রাসীদের জায়গা হতে পারে না। মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে আয়োজিত আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে তিনি এই কথা বলেন। খবর: বাসসের। 
মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের দফতর, সন্ত্রাসীদের রাত যাপনের জায়গা নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাংবাদিকদের উচিত তাকে আইনের হাতে সোপর্দ করা।
হানিফ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজের স্বার্থে ও নিজের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে অবরোধ কর্মসূচি দিয়েছেন। দেশের মানুষ এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে তিনি জনগণকে ধন্যবাদ জানান।
এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ।