বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া আন্দোলনের আহ্বান করেছেন। দেশকে রক্ষার জন্য আসুন সবাই এ সংগ্রামে যোগ দেই। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে একটি প্রহসনের নির্বাচন হয়েছিল। অবৈধ ও অনির্বাচিত সরকার আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি। আপনারা দেখেছেন এর আগের রাতে সভা-সমাবেশ নিষিদ্ধ করে দেয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখে, এখনো কার্যালয়ে অবরোধ জারি রেখেছে।
মঙ্গলবার বিকেল পৌণে তিনটায় জাতীয় প্রেসক্লাবে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগ যখন থেকে সরকার গঠন করেছে, তখন থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বিএনপির ওপর। হত্যা-খুন চালিয়েছে।
তিনি বলেন, আমার দেশ, দিগন্ত টিভি বন্ধ করেছে, মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে ডিবি পুলিশ দিয়ে ধরে নিয়ে গেছে। আজকে দেশে গণতন্ত্র একবারে অনুপস্থিত। বাক স্বাধীনতা, বিচার পাওয়ার স্বাধীনতাকে কেড়ে নেয়া হয়েছে। আজকে দেশবাসীকে জানাতে চাই, ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে।
