গাড়ি পোড়ানো মামলা: রফিকুল-আমানুল্লাহর জামিন

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১৬:৩৬

গাড়ি পোড়ানোর অভিযোগে দায়েরকৃত পৃথক তিন মামলায় বিএনপির স্থায়ি কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানকে চার সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার বেকেলে এ আদেশ দেয়। অপরদিকে একই আদালত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাসির উদ্দিনকে জামিন দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের করা একটি মানহানি মামলায় তাকে জামিন দেয়া হয়। গত ৪ জানুয়ারি গাড়ি পোড়ানোর অভিযোগে নগরীর পল্টন থানায় দুইটি ও মতিঝিল থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় রফিকুল ও আমানকে আসামি করা হয়। তাদের পক্ষে খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন শুনানি করেন।