কুমিল্লার লাকসামে স্কুল থেকে নতুন বই আনার জন্য ৫০ টাকা না পেয়ে তানজিলা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাত ৮ টার দিকে ওই শিশুর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে বাড়ির লোকজন।
তানজিলা উপজেলাটির গোবিন্দপুর ইউনিয়নের বাঁশতলী গ্রামের হতদরিদ্র তাজুল ইসলামের মেয়ে। সে স্থানীয় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, ওই স্কুলছাত্রীর বাবা-মা দুজনই দিনমজুরের কাজ করেন। তানজিলা স্থানীয় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সোমবার দুপুরে ওই শিশু ছাত্রী বিদ্যালয়ে যায় ৫ম শ্রেণীর নতুন বই আনার জন্য। তবে বিদ্যালয়ের শিক্ষকরা নতুন বই পেতে খরচ বাবদ তানজিলাকে ৫০ টাকা দেয়ার জন্য বলে।
তবে স্কুলটির প্রধান শিক্ষক মন্জুরানী সূত্রধর নতুন বই বাবদ টাকা চাওয়ার কথা অস্বিকার করেছেন।
সকল সহপাঠীরা বই নিয়ে বাড়ি ফিরলেও তার কাছে টাকা না থাকায় সে নতুন বই না নিয়েই বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখে তার বাবা-মা দুজনই নিজ নিজ কর্মস্থলে রয়েছে। বেলা ৩টার দিকে শিশুটির মা বাড়িতে আসলে তানজিলা মায়ের কাছে স্কুলে দেয়ার জন্য ৫০ টাকা দাবি করে। কিন্তু শিশুটির মা তাকে কোন টাকা দিতে পারেনি। এতে অভিমান করে ঐদিন সন্ধ্যায় নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেয় তানজিলা।
রাত ৮ টার দিকে বাড়ির লোকজন তানজিলার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশী ঝামেলার ভয়ে রাতেই দ্রুত শিশুটির লাশ দাফন করা হয়। তবে এ বিষয়ে শিশুটির পরিবারের সদস্যরা মুখ খুলতে রাজি হয়নি।
এ বিষয়ে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্জুরানী সূত্রধর মুঠোফোনে জানান, শিক্ষার্থীদের বই দেয়ার জন্য আমরা কোন টাকা-পয়সা নেই না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মাখন লাল নাথ বলেন, আমি ঘটনাটি শুনেছি। খোঁজ নিয়ে বিষয়টি খতিয়ে দেখছি।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরি বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে শিশুটির পরিবার থানায় কোন অভিযোগ করেনি। আর অভিযোগ না করলে আমাদের কিছু করার নেই।
