বাংলাদেশের চলমান সহিংস রাজ-নৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা এল. শাই এ কথা জানান।
দেশের সহিংস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি ইত্তেফাককে জানান, দেশব্যাপী সহিংসতার খবরে আমরা খুবই উদ্বিগ্ন। সকল পক্ষকে সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা আহবান জানাই। তিনি বলেন, প্রাণহানী, হতাহতের ঘটনা ও সম্পদের ক্ষয়ক্ষতিতে আমরা মর্মাহত। জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের বিষয়টি নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহবান জানাই। একইসঙ্গে সব রাজনৈতিক দলকে সংঘাত ও ভীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার আহবান জানাই।
