বাংলাদেশে ৫ই জানুয়ারীর নির্বাচনের বর্ষপূর্তিকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে শুরু হয়েছে অবরোধ। গত কয়েকদিন ধরেই ঢাকায় পণ্যবাহী ট্রাক ঢুকতে পারছে না। তিনদিন ধরে বন্ধ রয়েছে দুরপাল্লার যান চলাচল। ফলে খাদ্য পণ্য রাজধানী ঢাকায় আনার ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
বিভিন্ন জেলা থেকে ঢাকায় যেসব ব্যবসায়ী পণ্য নিয়ে আসেন, তাদেরকে অনেকটা বেগ পেতে হচ্ছে।
পুরান ঢাকার একজন খাদ্যপণ্য ব্যবসায়ী ও আড়তদার আজিম বক্স বলেন, প্রতিদিন একশ’ থেকে দেড়শ’ ট্রাকে করে মালামাল আনা নেয়া করলেও ঢাকায় এখন ট্রাক ঢুকতে না পারায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অপ্রতুলতা দেখা দিয়েছে।
ফলে বাজারে পণ্য সরবরাহ কমে গেছে আর এতে করে পণ্যের দামও বেড়ে গেছে।
এঅবস্থায় বাজারের ভারসাম্য বজায় রাখতে সরকারের উদ্যোগে রাজধানীতে ট্রাক ঢুকতে দেয়া হলে, আবারও সুশৃংখলভাবে পন্য সরবরাহের কাজটি করার কথা জানান এই ব্যবসায়ী।
-বিবিসি বাংলা।
