হাসপাতাল ছেড়েছেন রিজভী

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১২:০৪

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হাসপাতাল ছেড়েছেন। মঙ্গলবার গভীর রাতে তিনি হাসপাতাল ছেড়ে যান। তবে হাসপতাল কতৃপক্ষ বলছে তিনি হাসপাতাল থেকে পালিয়েছেন।

অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার মফিজুল ইসলাম জানান, বুধবার ভোর ৪টার পর থেকে রিজভীকে পাওয়া যাচ্ছে না। তিনি কাউকে কিছু না জানিয়ে চলে গেছেন। ধারণা করা হচ্ছে তিনি মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার মধ্যে কোন এক সময় হাসপাতাল থেকে চলে যান। রাত ৩টা ৪০ মিনিটে কর্তব্যরত নার্স তার দেখাশুনা করতে গিয়ে তাকে ক্যাবিনে পাননি।

রিজভীর ব্যক্তিগত সহকারী মজিদ বুধবার সকালে গণমাধ্যমকে জানান, স্যার (রিজভী) রাত ৩টার দিকে অ্যাপোলো হাসপাতাল থেকে চলে এসেছেন। তিনি নিরাপদে আছেন, ভালো আছেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গুলশান বিভাগ) লুৎফুল কবীর বলেন, এ বিষয়ে অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, 'হাসপাতালের বিল পরিশধ না করেই রিজভী হাসপাতাল থেকে পালিয়েছেন।'

তবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘আমরা তাকে আটক বা গ্রেফতার করিনি। তিনি অসুস্থ ছিলেন। এ কারণে আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তিনি হাসপাতাল ছেড়েছেন, নাকি হাসপাতালে আছেন, তা আমরা জানি না।'

গত শনিবার রাত ১২টার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ‘অসুস্থ’ রিজভীকে তুলে নেয় গোয়েন্দা পুলিশ। এরপর তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৩১১ নম্বর কেবিনে তিনি ভর্তি ছিলেন।