তুরস্কের ইস্তাম্বুলে একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় ঐ হামলাকারী নারীও মারা গেছেন। বুধবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সুলাতানামেত পর্যটন এলাকায় বিখ্যাত ব্লু মসজিদ ও হাগিয়া সোফিয়া জাদুঘরের পাশেই এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন হামলাকারী ঐ নারী নিকাব পরিহিত ছিলেন। তিনি পুলিশ স্টেশনে আসেন এবং তার মানিব্যাগ হারিয়ে যাবার কথা বলেন। এর পরপরই ঐ নারী বিস্ফোরণ ঘটায় বলে জানানো হয়েছে।
হামলাকারীর শরীরে আরো দুইটি বোমা অবিস্ফোরিত অবস্থায় ছিল। পরে সেগুলোকে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা অকার্যকর করে দেয়।
ঘটনার পর তুরস্কের টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ শাহিন বলেছেন, হামলাকারী ঐ নারী ইংরেজিতে কথা বলছিলেন বলে তারা জানতে পেরেছেন।
হামলাকারীর পরিচয় বা এই ঘটনায় কোন সংগঠন জড়িত কিনা তা এখনো জানা যায়নি।
