এয়ার এশিয়া বিমানের পিছনের অংশের সন্ধান

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৩:০৪
 
এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেড৮৫০১-এর পিছনের অংশ জাভা সাগরে খুঁজে পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার দলের প্রধান এই তথ্য জানিয়েছেন। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ব্যামব্যাঙ সোয়েইলিসটিও জার্কাতায় সাংবাদিকদের বলেছেন, আমরা পেছনের অংশ খুঁজে পেয়েছি। এটিই আজকে আমাদের উদ্ধার অভিযানের মূল লক্ষ্য। 
তিনি বলেছেন, ডুবুরি ও জনহীন জলযান বিমানের এই অংশটি খুঁজে পেয়েছে।
বিমানের পেছনের অংশে ব্লাকবক্স ভয়েস ও ফ্লাইট রেকর্ডার থাকে। এর মাধ্যমে তদন্তকারীরা বিমান বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে ধারণা পেতে পারেন। 
গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ১৬২ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। 
এখন পর্যন্ত ৪০টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। ধারণা করা  হচ্ছে বিমানের মূল অংশে বেশির ভাগ লাশগুলো রয়েছে।