ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে একটি সরকারি কার্যালয়ের ভেতর এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ পাঁচ সন্দেহভাজনের একজনকে গ্রেফতার করেছে। এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানান।
১৬ বছর বয়সী ওই কিশোরী গত রবিবার রাতে ধর্ষণের শিকার হন। স্থানীয় এক প্রশাসকের গাড়িচালকসহ একদল দুর্বৃত্ত ওই কিশোরীকে গাড়িতে করে তার এক আত্মীয়ের বাসায় পৌঁছে দেবার কথা বলে তাকে পার্শ্ববর্তী মুজাফফরাবাদ জেলার একটি সরকারি অফিসে ঢুকিয়ে ধর্ষণ করে। পশ্চিমবঙ্গের অধিবাসী ওই কিশোরী ধর্ষকদের কবল থেকে পালিয়ে গিয়ে সোমবার পুলিশের কাছে অভিযোগ করে।
জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা নাসিম আহমদ এএফপিকে বলেন, ‘পাঁচ ব্যক্তি , যাদের অধিকাংশই যুবক, মেয়েটিকে জোর করে টেনে-হিঁচড়ে পার্শ্ববর্তী জেলা কালেক্টরেট কার্যালয়ের একটি ভবনে নিয়ে যায় এবং সোমবার সকাল পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।’
পুলিশ প্রধান রনজিৎ কুমার মিশ্র বলেন, তারা এ পর্যন্ত একজনকে গ্রেফতার করেছেন এবং বাকি চারজনকে গ্রেফতার করতে কাজ করছেন।
