মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৮:০৩
 
 
গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানো আদেশ দিয়েছে আদালত। তার জামিন আবেদন এবং পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে ঢাকা মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূইয়া আজ বুধবার এই আদেশ দিয়েছেন। তবে প্রয়োজনে আগামী ১০ কার্যদিবসের মধ্যে পুলিশ কারাফটকের ফখরুলকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
 
মঙ্গলবার বিকালে সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনের কয়েক মিনিটের মধ্যে জাতীয় প্রেসক্লাবে গ্রেফতার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রেখে আজ বিকাল সাড়ে তিনটার দিকে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়া হয়।
 
গত ৪ জানুয়ারি রাতে গাড়ি পোড়ানোর অভিযোগে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ফখরুলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আবেদনের পক্ষে শুনানি করেন আবদুল্লাহ আবু। এর বিরোধিতা করেন মির্জা ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার জামিনের আবেদন করেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অসুস্থ। তিনি ডায়াবেটিস, হূদরোগ, ব্যাকপেইনসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন।

শুনানি শেষে বিচারক রিমান্ড-জামিন দুই আবেদনই নাকচ করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।