অবরোধ চলবে: রিজভী

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৮:৪৯
 
 
চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকালে গুলশানের একটি বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, ‘পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলবে।’
 
রবিবার পল্টনে বিএনপি কার্যালয়ে থেকে অসুস্থ রিজভীকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে বুধবার ভোররাতেই গোপনে হাসপাতাল ছেড়ে গুলশানের ওই বাড়িতে ওঠেন তিনি।
 
সোমবার খালেদা জিয়াকে কার্যালয় থেকে বের হতে বাধা দেয়ার সময় পুলিশ খালেদা জিয়াকে লক্ষ্য করেই পেপার স্প্রে ছুড়েছিল বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, ‘সরকার দেশনেত্রীকে শ্বাসরোধে হত্যার অপচেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পেপার স্প্রে নিক্ষেপ করেছিল। এই বিষাক্ত পেপার স্প্রের পর থেকে তিনি অসুস্থ।’