সরকারের অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নাধীন ছয়টি বড় প্রকল্পে আরো নতুন দুটি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বুধবার অনুষ্ঠিত ফাস্ট ট্রাক মনিটরিং কমিটির তৃতীয় বৈঠকে আরো দুটি নতুন মেগা প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি একেএম শামীম চৌধুরী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বৈঠকে ইতোপূর্বে নেয়া ছয়টি প্রকল্পের অগ্রগতি এবং মাতারবাড়ি পাওয়ার প্রজেক্ট নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী স্ব-স্ব দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে নির্ধারিত সময়ে প্রকল্প কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।
তিনি আরও জানান, নতুন প্রকল্প দুটি হলো মাতারবাড়ি আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোলফায়ার্ড পাওয়ার প্রজেক্ট এবং পায়রা বন্দর প্রকল্প।
বৈঠকে জানানো হয়, বহুল আলোচিত পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০১৮ সালের ৭ ডিসেম্বর সম্পন্ন হবে। বৈঠকে আরো জানানো হয়, জাজিরা ও মাওয়া সাইডে পদ্মা সেতুর সংযোগ সড়কের নির্মাণ কাজ, সার্ভিস এরিয়া-২, রিভার ট্রেনিং ওয়ার্ক, রিভার ব্যাংক প্রটেকশন ওয়ার্ক, ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট হস্তান্তর কাজ চলছে। পাশাপাশি দুটি পয়েন্টে মূল সেতুর জিওটেকনিকেল ইনভেস্টিগেশন কাজ শুরু হয়েছে।
