ফ্রান্সে পত্রিকা অফিসে বন্দুকধারীদের হামলায় ১২ জন নিহত

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ০০:২৯

ইসলামিক গোষ্ঠীর বন্দুকধারীরা ফ্রান্সের বিদ্রুপত্মাক সাপ্তাহিক ম্যাগাজিন ‘শার্লি এবদো’র প্যারিস কার্যালয়ে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেছে। এসময় আহত হয়েছে আরো সাত জন। খবর বিবিসি’র।

প্রত্যক্ষদর্শী জানান, দুই জন মুখোশধারী ব্যক্তি ম্যাগাজিনের কার্যালয়ে ঢুকে রাইফেল দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে। সেখানে হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশের সাথে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় এক বন্দুকধারী চিত্কার করে বলতে থাকেন, আমরা মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর অপমানের প্রতিশোধ নিয়েছি।
হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। তিনি বলেন, এটা নি:সন্দেহে বর্বরোচিত সন্ত্রাসী হামলা। তারা কাপুরুষোচিত পদ্ধতিতে হামলা চালিয়েছে। হত্যাকারীদের ধরতে বড় ধরনের পুলিশি অভিযানের প্রস্তুতি চলছে। আমরা উদার মনোভাবের দেশ বলেই হয়তো বারবার এমন হামলা হচ্ছে। তাদের প্রতিরোধ করতে জাতীয় ঐক্যের আহবান জানান তিনি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন টুইটার বার্তায় বলেন, প্যারিসে হামলা ঘটনা এক ধরনের অসুস্থতা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে এবং স্বাধীন গণমাধ্যমের পক্ষে ফরাসি জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এর আগে ব্যাঙ্গচিত প্রকাশের জন্য হামলার শিকার হয় ম্যাগাজিনটি। ২০১১ সালের নভেম্বরে মহানবী হযরত মুহাম্মদকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশের একদিন পরেই এর কার্যালয়ে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। আইএস জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদীকে নিয়ে সর্বশেষ ব্যাঙ্গচিত টুইট করে ম্যাগাজিনটি।