র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, র্যাবকে পুনর্গঠন করে হাইটেক বাহিনীতে পরিণত করা হবে। জঙ্গি, সন্ত্রাস ও সংগঠিত অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে কাজ করাই হবে র্যাবের প্রধান লক্ষ্য। গতকাল বুধবার দায়িত্ব গ্রহণশেষে দুপুরে র্যাব সদর দফতরে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। পরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
র্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কি না— জানতে চাইলে ডিজি বলেন, এক শ্রেণির রাজনীতিবিদ রাজনীতির স্বার্থেই সবকিছুতে রাজনীতি খোঁজেন। তাদের কথায় কান না দিয়ে র্যাব নিজের কাজ করে যাবে। র্যাবের কোন সদস্য যদি কোন অপরাধ করে তার দায়-দায়িত্ব তাকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিক সম্মেলনে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, ডিআইজি আফতাব উদ্দিন আহমেদ ও লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মাহমুদ খানসহ অন্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
