ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, কারও অন্যায় আদেশ মেনে নেব না। পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী। তাদের কর্তব্য ও পরিধি আইন দ্বারা সীমাবদ্ধ। আইনের মধ্যে থেকেই পুলিশ নগরবাসীর নিরাপত্তা বিধান করবে। নতুন দায়িত্ব গ্রহণ শেষে গতকাল বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়। বলেন, আগের কমিশনারের বিষয়ে তিনি কোন মন্তব্য করবেন না।
আছাদুজ্জামান মিয়া বলেন, এখন থেকে আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সবার ক্ষেত্রে সমআচরণ করবে। সব সময় নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবে। জনগণের নিরাপত্তায় যা যা প্রয়োজন, তাই করবে। যারা লুণ্ঠন, গাছকাটার মতো নাশকতামূলক কর্মকাণ্ড চালায়, তাদের কোন ছাড় দেয়া হবে না। জঙ্গিবাদ ও সন্ত্রাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে।
ডিএমপিতে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার পরে সরকার দলীয় কয়েকটি সংগঠন প্রকাশ্যে সমাবেশ করছে কীভাবে— জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমি আজই (গতকাল) ডিএমপি কমিশনার হিসেবে যোগদান করেছি। তাই আমার কাছে অতীতের ব্যাখ্যা নেই। তবে এতটুকু বলতে পারি— সবাইকেই আইনের মধ্যে থেকেই কাজ করতে হবে।’
ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। আর বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করতে হলে সাধারণ নগরবাসীসহ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করতে হবে। ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতের সাফল্যের ধারাবাহিকতা সামনের দিনেও পুলিশ বজায় রাখবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস ও শেখ মারুফ হাসান।
