পর্বতারোহী কঙ্গনা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ১৫:৩৭
 
বলিউড সুন্দরী কঙ্গনা রনৌত এখন পর্বতারোহী। না বাস্তবিক জীবনে নয়। হনসল মহতা পরিচালিত একটি বায়োপিকে অভিনয় করবেন তিনি।
শোনা যাচ্ছে, যে বায়োপিকের কথা বলা হচ্ছে তা তৈরি হবে প্রতিবন্ধী নারী হিসেবে প্রথম মাউন্ট এভারেস্ট বিজয়ী অরুণিমা সিংয়ের জীবন অবলম্বন করে। 
২০১৪ সালে ‘কুইন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বক্স অফিস ও সমালোচকদের সন্তুষ্ট করতে পেরেছিলেন কঙ্গনা। অনেকদিন ধরে বায়োপিকে কাজ করার ইচ্ছে ছিল তার। এ বছর সেটিও পূরণ হতে যাচ্ছে। বায়োপিকে অভিনয়ের জন্য পুরোমাত্রায় প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। চরিত্রের মতো হয়ে উঠতে এই মুহূর্তে কঠোর পরিশ্রম করছেন কঙ্গনা।
অন্যদিকে পরিচালক হানসল মেহতা ‘আলিগড়’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত। কঙ্গনাকে নিয়ে বায়োপিকের কাজ শুরু করবেন চলতি বছরের সেপ্টেম্বর থেকে। সূত্র: কলকাতা২৪।