আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সকল সহিংসতার দায় দলের নেত্রী বেগম খালেদা জিয়াকেই নিতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে এক সভায় তিনি বলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি এবং গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করার জন্য প্রায় এক মাস আগে কর্মসূচি ঘোষণা করেছিলাম। বিএনপি আমাদের কর্মসূচি ঘোষণার ১০ থেকে ১৫ দিন পর তারা তাদের পাল্টা কর্মসূচি দেয়। তাদের চলমান অবরোধ কর্মসূচির দায়ভার তাদেরই গ্রহণ করতে হবে।
তিনি বলেন, বিএনপি নেতারা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সাথে তারেক রহমানের বক্তব্যকে তুলনা করায় বিএনপি যে সন্ত্রাসী সংগঠন সেটাই প্রমাণ হয়।
হানিফ বলেন, চোরাগোপ্তা হামলার মাধ্যমে মানষের জান-মালের ক্ষতি করা ছাড়া দেশে আন্দোলন করার মতো শক্তি বিএনপির নেই।
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা সফল করার লক্ষ্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
