গণমাধ্যম অপরাধীকে মহিমান্বিত করার প্রচারযন্ত্র নয়: তথ্যমন্ত্রী

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৫, ১৮:৪৮
 
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, কোন অপরাধীকে মহিমান্বিত করার প্রচারযন্ত্র গণমাধ্যম নয়। নাশকতা ও সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রচারযন্ত্রও নয়। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা জাসদের সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক বা গ্রেফতার করা হয়নি। জঙ্গিবাদের প্রশ্রয়দান, গাড়ি পোড়ানো,  মানুষ হত্যা ও নাশকতামূলক কর্মকাণ্ডের উস্কানি দান থেকে তাকে নির্বৃত্ত করা হয়েছে। উস্কানি না দেয়ার জন্য তিনি আশ্বস্ত করলেই সকল গণতান্ত্রিক কর্মকাণ্ড করতে পারবেন।
মন্ত্রী বলেন, বর্তমান দেশে রাজনৈতিক সংকটের জন্য খালেদা জিয়া দায়ী। বেগম খালেদা জিয়া গণতন্ত্র হত্যা ও দেশ খণ্ড বিখণ্ড করার চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল বিস্তার করছেন। তিনি এসব থেকে বিরত থাকবেন কিনা তার উপর তার ভবিষ্যত রাজনীতি নির্ভর করছে। গত চার বছরে দেশে যে সকল অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, নাশকতা ও সহিংসতা চলছে তার প্রধান উস্কানিদাতা বেগম খালেদা জিয়া।