নোয়াখালীতে ২০ দলের ডাকা হরতালে বিএনপি-পুলিশ সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাইজদীর পাঁচ রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে।
জানা গেছে, অবরোধ ও হরতাল সমর্থনে সকালে নোয়াখালী জেলা শহর মাইজদীর পাঁচ রাস্তার মোড়ে মিছিল বের করে হরতাল সমর্থকরা। এসময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ মিছিলকারীদেরকে ছত্রভঙ্গ করতে শর্টগান থেকে গুলি ছোড়ে। এতে কয়েক জন আহত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ দাবি করেছেন, পুলিশের গুলিতে তার দলের ৫/৬ জন আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। আটককৃতদের মধ্যে চারজন বিএনপির ও একজন ছাত্র শিবিরের নেতা রয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা জানাতে পারেননি।
এদিকে বুধবার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে পুলিশের গুলিতে দুইজন নিহতের ঘটনার প্রতিবাদে বিএনপির ডাকে আজ সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
