ভারতে খনিশিল্পকে বেসরকারিকরণের বিরুদ্ধে শ্রমিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সরকার ও শ্রমিক ইউনিয়নগুলো একটি বৈঠকের পর সমঝোতায় পৌঁছানোয় বৃহস্পতিবার ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। খবর আল-জাজিরার।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এক প্রতিবেদনে জানায়, কয়লামন্ত্রী পিযুষ গোয়ালের সঙ্গে ছয় ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের (এআইটিইউসি) নেতা লক্ষ্মণ লাল মাহাতো বলেন, ‘র্ধমঘট প্রত্যাহার করা হলো।’
এর আগে সরকারের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ায় বুধবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালিত হয়। পাঁচ লাখ শ্রমিক এ ধর্মঘটে অংশ গ্রহণ করেছিলেন। কয়লাশ্রমিকদের ধর্মঘটের কারণে বিদ্যুত্-সংকটগ্রস্ত ভারতে বিদ্যুত্ না থাকার ভীতি ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ভারতের মোট বিদ্যুত্ উত্পাদনের ৬০ শতাংশই কয়লা থেকে হয়ে থাকে।
অর্থনীতিকে চাঙা করতে ব্যাপক-বিস্তৃত সংস্কারের অংশ হিসেবে ভারতের বেশির ভাগ রাষ্ট্রনিয়ন্ত্রিত কয়লা খনি বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত অক্টোবরে এ সম্পর্কিত একটি অর্ডিন্যান্সও পাস করে মোদি সরকার। কিন্তু কয়লাশিল্পকে বেসরকারিকরণ করলে চাকরি হারাতে হতে পারে—এমন আশঙ্কা থেকে প্রায় ৩৫ লাখ শ্রমিকের প্রতিনিধি পাঁচটি ইউনিয়ন ওই ধর্মঘটের ডাক দেয়।
