বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। বিকালে একটি প্রিজন ভ্যান তাকে ঢাকা থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ পৌঁছায় বিকাল ৪টা ৪০ মিনিটে। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, মির্জা ফখরুলকে কারাগারের ভিআইপি বন্দিশালা সুরমা ভবনে রাখা হয়েছে। ৫ জানুয়ারি বিএনপির 'গণতন্ত্র হত্যা দিবসের' কর্মসূচি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে জাতীয় প্রেসক্লাবে গিয়ে পেশাজীবীদের একটি সমাবেশে বক্তব্য দেন ফখরুল।
পরদিন বিকালে সেখান থেকে বের হওয়ার সময় তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বুধবার ফখরুলকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগেও বিভিন্ন ঘটনায় গ্রেফতার হয়ে চারবার কাশিমপুর কারাগারে যেতে হয়েছিল মির্জা ফখরুলকে। সর্বশেষ গত বছর ৮ এপ্রিল এ কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
