তরুণ ব্যাটসম্যান লোকেশ রাহুল ও অধিনায়ক বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণভাবে লড়ছে সফরকারী ভারত। রাহুলের ১১০ ও কোহলির অনবদ্য ১৪০ রানে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩৪২ রান করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৫৭২ রানের চেয়ে এখনো ২৩০ রানে পিছিয়ে ভারত।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানের চাপ মাথায় নিয়ে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৭১ রান করেছিলো ভারত। তাই তৃতীয় দিনে তাদের প্রথম লক্ষ্য ছিলো ফলো-অন এড়ানো। দিন শেষে সেই লক্ষ্য পূরণ না হলেও, ফলো-অন এড়ানোর দ্বারপ্রান্তে পৌছে গেছে টিম ইন্ডিয়া। এজন্য পুরো কৃতিত্ব দেয়া দিতে হবে ২২ বছর বয়সী রাহুল ও দলপতি কোহলিকে।
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫৩ রানে আউট হন রোহিত শর্মা। এরপর রাহুলের সাথে জুটি বাঁধেন কোহলি। অস্ট্রেলিয়ার বোলারদের দেখেশুনে খেলতে থাকেন দু’জনেই। ফলে রান তোলার গতি ছিল কমই। এর মাঝে নিজের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরির দেখা পেয়ে যান রাহুল। মেলবোর্নে টেস্ট ডেব্যু ম্যাচে ৩ ও ১ রান করা রাহুল শেষপর্যন্ত থামেন ১১০ রানে। তার ২৬২ বলের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির মার ছিল।
রাহুল যখন আউট হন তখন কোহলির রান ছিল ৬৭। পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যেই সেঞ্চুরি কোটা স্পর্শ করেনও কোহলিও। টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরির স্বাদ পাওয়া কোহলিকে মাঝে সঙ্গ দিতে এসেছিলেন আজিঙ্কা রাহানে ও সুরেশ রায়না। কিন্তু বেশিক্ষন কোহলিকে সঙ্গ দিতে পারেননি তারা। রাহানে ১৩ ও রায়না ০ শুন্য রানে ফিরেন।
তবে দিনের শেষভাগ পর্যন্ত কোহলির সঙ্গে থেকে দিন শেষ করেছেন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। কোহলি ২০টি বাউন্ডারির সহায়তায় ২১৪ বলে ১৪০ ও ঋদ্ধিমান ১৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন। অস্ট্রেলিয়ার হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও শেন ওয়াটসন।
সংক্ষিপ্ত স্কোর : (তৃতীয় দিন শেষে)
অস্ট্রেলিয়া : ৫৭২/৭ডি, ১৫২.৩ ওভার (স্মিথ ১১৭, ওয়ার্নার ১০১, সামি ৫/১১২)।
ভারত : ৩৪২/৫, ১১৫ ওভার (কোহলি ১৪০*, রাহুল ১১০, ওয়াটসন ২/৪২)।
খবর বাসসের।
