আগের দাবি থেকে ‘১৮০ ডিগ্রী’ ঘুরে গিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান নিজের দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে নিলেন। বিশ্বকাপজয়ী সাবেক পাক অধিনায়ক, বর্তমানে অন্যতম প্রধান রাজনীতিবিদ কয়েক দিন আগে মন্তব্য করেছিলেন, বিবিসির আবহাওয়া বিষয়ক সাংবাদিক রেহাম খানকে তার বিয়ে করার খবর মিডিয়ার ফোলানো-ফাঁপানো বেলুন। কিন্তু অবশেষে সেই ইমরান বললেন, ‘আমি পাকিস্তান যাচ্ছি আমার বিয়ের সুখবরটা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।’ ইমরানকে উদ্ধৃত করে পাক মিডিয়া এই খবর জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ধারণা করা হচ্ছে সম্প্রতি পেশোয়ারে স্কুলে জঙ্গি হামলায় বহু শিশু নিহত হওয়ায় গোটা দেশ শোকে নিমজ্জিত ছিল। একারণে তিনি বিয়ের খবরটা স্বীকার করতে চাননি।
তবে ইমরান এবার বলেছেন, ‘বিয়ে করাটা কোনও অপরাধ নয়। তাই এটা স্বীকার করাও অপরাধ নয়।’ বিরানব্বই বিশ্বকাপ চ্যাম্পিয়ন পাকিস্তান দলের অধিনায়ক এখন সে দেশের প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের সর্বোচ্চ নেতা। বাষট্টি বছরের ইমরানের সঙ্গে তাঁর ‘গোপন’ বিয়ের কথা ৪১ বছর বয়সী রেহাম সংবাদমাধ্যমের কাছে প্রথম ফাঁস করে দেন। লিবিয়ায় জন্মানো রেহামের বাবা-মা পাকিস্তানি। রেহামের আগের স্বামী চিকিত্সক ছিলেন। সেই স্বামীর সংসারে রেহামের তিন সন্তান আছে। ইমরানের পক্ষ থেকে মিডিয়ার কাছে বিয়ের ছবিও সরবরাহ করা হয়েছে।
