দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিশ্ব ইজতেমার সময় অবরোধ কর্মসূচী প্রত্যাহার না করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নাস্তিকতার পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগ বিশ্ব ইজতেমা সফল করার জন্য পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে। অন্যদিকে ধর্মপ্রাণ মানুষ যেন ইজতেমায় আসতে না পারেন, সেজন্য খালেদা জিয়া অবরোধ প্রত্যাহার করেন নি। এটা কোন আস্তিক করতে পারেন না।
শুক্রবার বঙ্গবন্ধু এ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকল কর্মসূচি সফল করার লক্ষ্যেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী লুৎফুল কবির রেনুর সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সস্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
