বগুড়ায় অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ আহত ২০

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ১৮:৪৮
 
বগুড়ার ধুনটে বিএনপি-জামায়াত কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে চারজন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন । এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের  ঘটনা ঘটে।  
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, অবরোধ সমর্থনে দুপুরে জুমার আগ মুহূর্তে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি-জামায়াত কর্মীরা অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে। নাশকতার আশংকায় পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। এসময় মিছিলকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে । এসময় জামায়াত -বিএনপি কর্মিদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়। পুলিশের উপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেটসহ দুই রাউন্ড গুলি ছোড়ে।
এদিকে সংঘর্ষে রাবার বুলেটে স্থানীয় যুবদল নেতা আমিনুল ইসলাম (৩০) এবং ছাত্রদল নেতা রাজু (২৮) সহ কমপক্ষে ১৬ জন নেতা কর্মি আহত হয়েছে বলে উপজেলা বিএনপির দলীয় সুত্র দাবি করেছে ।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) জানান, মিছিলকারদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন । তারা হচ্ছেন কনস্টেবল জাহাঙ্গীর আলম (১) , জাহাঙ্গীর আলম (২), আব্দুল মোমিন ও এস এম ফরিদ হোসেন । তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিয়েছেন ।   কর্তব্যরত পুলিশের সাথে সংঘর্ষ এবং হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। 
আটককৃতরা হলেন- সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বনী আমিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিদ্যুত্ , ছাত্রদল কর্মি আব্দুল হান্নান , আলম আহসান ও সেলিম আহম্মেদ ।
তিনি আরও জানান, এই হামলার ঘটনায় ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিম কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই ) হযরত আলী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । আটককৃতদের ঐ মামলায় গ্রেফতার দেখানো হবে ।