দেশে বিরোধীদলের বিরুদ্ধে সরকারের ‘দমনমূলক’ পদক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বৃহস্পতিবার অ্যামনেস্টির এক বিবৃতিতে বলা হয়, বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির মালিক আবদুস সালাম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছে, তা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মনে করার যথেষ্ট কারণ আছে।
লন্ডনভিত্তিক সংস্থাটির মুখপাত্র আব্বাস ফয়েজ বলেন, ‘এই গ্রেফতারের ঘটনা বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা এবং এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকারের সুস্পষ্ট লংঘন। কর্তৃপক্ষের উচিত আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি অঙ্গীকার রক্ষা করা। কেউ স্বেচ্ছাচারীভাবে আটক, হয়রানি ও ভীতির শিকার নয়— সেটা নিশ্চিত করা। বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীদের হত্যার বিষয়টি সরকারের অবশ্যই তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করা উচিত। একই সঙ্গে বন্দিদের মুক্তি দেয়া উচিত।’
অপর দিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক এইচআরডব্লিউ এক বিবৃতিতে অবিলম্বে বিরোধী দলের উপর ‘দমন-পীড়ন, বল প্রয়োগ’ বন্ধ এবং গণমাধ্যমের ওপর থেকে ‘বিধিনিষেধ’ তুলে নেয়ার দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কয়েক দিনে বাংলাদেশে বিএনপি এবং জামায়াতে ইসলামীর শত শত কর্মীকে ‘গ্রেফতার’ করা হয়েছে।
সংস্থাটির এশীয় অঞ্চলের পরিচালক ব্রাড এডামস বলেন, ‘সরকার যেভাবে নির্বিচারে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছে, যাকে ইচ্ছা গ্রেফতার করছে এবং সেন্সরশিপ আরোপ করছে, তাতে করে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে। জনগণকে রক্ষার দায়িত্ব কর্তৃপক্ষের রয়েছে। তবে এ ক্ষেত্রে মানবাধিকার ও আইনের শাসনও রক্ষা করতে হবে।’
