অবরোধে বাসে আগুন গুলি গ্রেফতার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ০১:৩৯

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের দেশব্যাপী টানা অবরোধ কর্মসূচির ৪র্থ দিন গতকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বাসসহ যানবাহনে আগুন, ভাংচুরের ঘটনা ঘটে, বিস্ফোরিত হয় ককটেল। এর আগে বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের কমলনগরে অবরোধকারীদের ধাওয়ায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। এছাড়া গাইবান্ধাতেও অবরোধকারীদের ধাওয়ায় দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১০ জন আরোহী গুরুতর আহত হন। গাজীপুরে রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলে অবরোধকারীরা। তবে এলাকার লোকজন তা দেখে ফেলায় কোন ধরনের দুর্ঘটনার আগেই তা মেরামত করে ফেলা হয়। নারায়ণগঞ্জে পৃথক দুটি মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ১২০ জনকে আসামি করা হয়। অনেক স্থানে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষ বাধে।এসময়ে পুলিশের লাঠিচার্জ  এবং রাবার বুলেট ও শর্টগানের গুলিতে অবরোধকারীদের বেশ কয়েকজন আহত হয়। অবরোধকারীদের ইট পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। গ্রেফতার হন অনেকে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের

কমলনগর (লক্ষ্মীপুর):লক্ষ্মীপুরের কমলনগরে অবরোধকারীদের ধাওয়ায় গাছের সাথে ধাক্কা খেয়ে মো. ইউছুফ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই ভাই আবদুল মতিন ও সোলাইমান। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউছুফ নোয়াখালীর আন্ডারচর এলাকার আবদুল হাসিমের ছেলে।
গাইবান্ধা:রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সেনাবাহিনীর গাড়িসহ ৬/৭টি যানবাহন ভাংচুর এবং ৩টি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া অবরোধকারীদের ধাওয়ায় দুটি ট্রাক উল্টে খাদে পড়ে গেলে ট্রাকের চালক ও চালকের সহকারী ছাড়াও সাত পান ব্যবসায়ী আহত হয়েছেন। পুলিশ এসময় ১২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অবরোধকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ২০টি ককটেল বিস্ফোরণ করে। এসময় শিবিরের এক কর্মীকে পুলিশ আটক করেছে।
গাজীপুর:২০ দলীয় জোটের আহূত সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলাকালে শুক্রবার গাজীপুরের ভানুয়া এলাকায় রেল লাইনের ফিসপ্লেটের দুটি নাট বল্টু খুলে ফেলে দুর্বৃত্তরা। খবর পেয়ে রেলওয়ের কর্মচারীরা তাত্ক্ষণিক লাইন মেরামত করে ফেলায় কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি।
জয়দেবপুর রেল জংশনের প্রধান স্টেশন মাস্টার মোঃ শহীদুল ইসলাম জানান, বিকাল পৌনে তিনটার দিকে ভাওয়াল গাজীপুর স্টেশনের কাছে দুর্বৃত্তরা ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের ফিসপ্লেটের দুটি নাট বল্টু খুলে ফেলে। বিষয়টি এলাকাবাসী দেখতে পেয়ে রেলওয়ে কর্মকর্তাদের জানায়। পরে খবর পেয়ে সংশ্লিষ্ট রেল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাইন মেরামত করেন। তিনি জানান, এতে কোন দুর্ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। ওই সময়ে আরো ৬ থেকে ৭টি যানবাহন ভাঙচুর করা হয়। তারা সড়কের মধ্যে পেট্রোল ঢেলে আগুন দেয়।
গতকাল সকালে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকাতে ব্যাপক ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে অবরোধকারীরা। এছাড়া শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকাতে জেলা বিএনপির কার্যালয়ের সামনেও ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পুলিশ এ ঘটনায় ২ জনকে আটক করেছে।
জানা গেছে, অবরোধ সমর্থনে সকাল পৌনে ৯টায় শহরের নিতাইগঞ্জ এলাকাতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল, জেলা যুবদল সভাপতি মোশাররফ হোসেন, মহানগর কমিটির আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজা রিপন, মাহাবুবুর রহমান, মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ, জেলা কৃষক দলের সেক্রেটারি উজ্জল হোসেনের নেতৃত্বে অবরোধ সমর্থনে ঝটিকা মিছিল বের হয়। মিছিলকারীরা নিতাইগঞ্জে সড়কের পাশে পার্ক করে রাখা ৯টি ট্রাক ও একটি প্রাইভেটকারে ব্যাপক ভাঙচুর শুরু করে। মিছিল থেকে দফায় দফায় ককটেল ও হাত বোমার বিস্ফোরণ ঘটানো হতে থাকে। এসময় দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকার লোকজন।
অন্যদিকে সকাল সোয়া ৯টার দিকে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা শহরের ডিআইটি এলাকাতে দুটি গাড়ি ভাঙচুর ও সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয়। ওই সময়েও কয়েকটি হাত বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবরোধ সমর্থনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অবরোধের নামে তারা মানুষের জানমাল নষ্ট ও যানবাহন ভাঙচুর করে ক্ষতিসাধন করছে।
চাষাঢ়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়লো বন্ধন বাস
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টায় শহরের চাষাঢ়ায় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের সামনে বঙ্গবন্ধু সড়কে বন্ধন পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়। এতে বাসের চালকসহ অন্তত ৫জন আহত হন।
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে শুক্রবার সকালে বিএনপির মিছিল থেকে ব্যাপক ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশের একজন এসআই বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে নিতাইগঞ্জ ট্রাক মালিক সমিতির সদস্য জাহাঙ্গীর আলম নামের এক ক্ষতিগ্রস্ত ট্রাক চালক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।
সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষকালে দুই শিবির নেতা গুলিবিদ্ধ হয়েছে। এসময় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি ককটেল ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এসময় জেলা ছাত্র শিবিরের সভাপতি সোলাইমান হোসেন ও শিবির নেতা গোলাম কিবরিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার শ্রীখোলা মোড় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকার চৌকিদহ ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।  গুলিবিদ্ধ শিবির নেতারা হলো উল্লাপাড়া উত্তর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল বাতেন, উল্লাপাড়া উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ সলঙ্গা থানার আলমডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র জান মোঃ জান্নু। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার ও দুই শিবির নেতাকে আটক করে।
সিরাজগঞ্জে অবরোধকারী এক শিবির কর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আহত শিবির কর্মী গাজীউর রহমানকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলতলী গ্রামের গোলাম মোস্তফার পুত্র।
বগুড়া:বগুড়ার ধুনটে বিএনপি-জামায়াত কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৪ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের  ঘটনা ঘটে।  
সংঘর্ষকালে পুলিশের রাবার বুলেটে স্থানীয় যুবদল নেতা আমিনুল ইসলাম (৩০) এবং ছাত্রদল নেতা রাজুসহ (২৮) কমপক্ষে ১৬ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে উপজেলা বিএনপির দলীয় সুত্র দাবি করেছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) জানান, মিছিলকারীদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। কর্তব্যরত পুলিশের সাথে সংঘর্ষ এবং হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। 
আটককৃতরা হলেন সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বনী আমিন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিদ্যুত্, ছাত্রদল কর্মী আব্দুল হান্নান, আলম আহসান ও সেলিম আহম্মেদ।
পাঁচবিবি (জয়পুরহাট): অবরোধের ৩য় দিন বৃহস্পতিবার রাত ৯টায় কয়লা বোঝাই একটি ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- বিএনপি কর্মী পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী গ্রামের মোঃ আরিফুল ইসলাম (২৮), অপরজন বিএনপি থেকে বহিষ্কৃত খাসবাগুড়ী গ্রামের আনিছুর রহমান (৩২)।
সিলেট অফিস: সিলেটে অবরোধের কারণে অনেকেই তাবলিগ জামাতে যেতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন। স্থানে স্থানে আটকাপড়া মানুষের দুর্ভোগের অন্ত নেই।
এদিকে সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় শুক্রবার টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ৯টার দিকে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। পরে পুলিশ আসলে তারা পালিয়ে যায়। অনির্দিষ্টকালের
অবরোধ কর্মসূচিতে শুক্রবার সকালে দক্ষিণ সুরমার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় জেলা ও মহানগর ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মিছিল বের করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও ছাত্রদল নেতা আবদুল্লাহ সাফি শাহের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম):সীতাকুণ্ডে ২০ দলীয় জোট অবরোধের ডাক দিলেও কোন পিকেটিং না থাকার কারণে এখানে অবরোধ মুখ থুবড়ে পড়েছে এবং জামায়াত-বিএনপি একে অপরকে সুবিধাবাদী বলে দোষারোপ করছে।
রাজশাহী: বিএনপির টানা অবরোধের চতুর্থ দিন শুক্রবার সকালে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় কয়েকটি যাত্রীবাহী বাস ও কোচ  ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়েছে। এদিন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় রাজশাহী-নওগাঁ রুটেও বাস চলাচল করেছে।
এদিকে অবরোধ সমর্থনে নগরীতে যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এতে রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন অংশ নেন। অন্যদিকে অবরোধের সমর্থনে পিকেটিং নিয়ে রাজশাহী কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ যমুনা টিভির রাজশাহীর রিপোর্টার সোহরাব হোসেন সৌরভকে লাঠিপেটার দায়ে পুলিশের উপ-পরিদর্শক এসএম জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল বুলবুলকে পুলিশ লাইনে ক্লোজড করেছেন আরএমপির কমিশনার মো. শামসুদ্দিন। নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নূর হোসেন খন্দকার ক্লোজের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি দুঃখজনক।
এছাড়া গত ৬ জানুয়ারি নগরীর সপুরার নওগাঁ মহাসড়কে চার পুলিশকে পিটিয়ে জখমের ঘটনায় বৃহস্পতিবার রাতে আরো তিন শিবির ক্যাডার ইলিয়াস শেখ (৩৫), শামসুদ্দিন (৩৫) ও নিজাম উদ্দীনকে (৩৪) আসাম কলোনি থেকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় আরেক শিবির ক্যাডার সুমন রেজাকে (২৮) পুলিশ গ্র্রেফতার করেছে।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ):শিবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির কর্মীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের  গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার বশির আহম্মেদ জানিয়েছেন, গ্রেফতারকৃতরা রাজনৈতিক সহিংসতা, অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামি। এছাড়া বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।
সেনবাগ (নোয়াখালী): গতকাল শুক্রবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও পুলিশ পাহারায় নোয়াখালী-ফেনী মহাসড়কের সেনবাগ উপজেলার অংশে দিনভর স্বাভাবিকভাবে যান চলাচল করলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে গতকাল সন্ধ্যার পর মহাসড়কের গাড়ি বহরে সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাট বাজারে বিএনপি অফিসের সামনে হামলা করেছে অবরোধ সমর্থনকারীরা। এ সময় তারা দুটি যাত্রীবাহী বাস, ১০টি মালবাহী ট্রাক, দুইটি শ্যালো ইঞ্জিন চালিত ট্রাক্টর ও তিনটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর বাজারে ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে পুলিশ ও পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে।