জুমার নামাজে লাখো মুসল্লি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ০১:৪১

কাতারের পর কাতার। ১৬০ একর বিশাল ময়দান ছাপিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের জুমার নামাজের এই কাতার ছাপিয়ে যায় আশেপাশের রাস্তায়, মহাসড়কে। এমনকি তুরাগে নোঙর করা নৌকাতেও। সে এক অভূতপূর্ব দৃশ্য। গতকাল শুক্রবার প্রথম পর্বের বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজকে ঘিরে মুসল্লিদের ঢল নামে।

বিপুল ধর্মীয় উদ্দীপনা ও ভাবগম্ভীর পরিবেশে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে গতকাল শুরু হয়েছে তাবলীগ জামায়াত আয়োজিত ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
গতকাল বিশাল জামাতে জুম্মার নামাজ আদায় করার জন্য টুপি, পাঞ্জাবি পরে জায়নামাজ হাতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা এমনকি দূর-দূরান্ত থেকে ছুটে  আসেন নানা বয়সি মানুষ। ২০ দলের ডাকা অবরোধের কারণে সৃষ্ট নানা দুর্ভোগ ও প্রতিকূলতা  কাউকে হার মানাতে পারেনি। আয়োজকদের ধারণা, আনুমানিক ৫ লক্ষাধিক মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।
জুমার নামাজের আগে বয়ান করেন বাংলাদেশের তাবলীগ মুরব্বী মাওলানা মোহাম্মদ হোসেন। জুমার নামাজের ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ যোবায়ের।
জুমার নামাজে বিশিষ্টজনরা
গতকাল ইজতেমা ময়দানে জুমার নামাজ আদায় করেন প্রধান বিচারপতি মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, জাহিদ আহসান রাসেল এমপি প্রমুখ।
ভোগান্তিতে মুসল্লিরা
গত দু’দিনে শীতের তীব্রতা কম থাকায় মুসল্লি­দের ভোগান্তি কিছুটা কম হলেও ধুলায় ধূসরিত গোটা ইজতেমা এলাকায় চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। ইজতেমায় নরসিংদী থেকে আগত মুসল্লি সোলেমান মিয়া জানান, প্রতিবারের চেয়ে এবার আরো বেশি মুসল্লি ইজতেমায় অংশ নিচ্ছেন। ইজতেমা ময়দানে জায়গা সংকুলন না হওয়ায় ভোগান্তি  পোহাতে হচ্ছে। ঢাকার কেরানীগঞ্জের রহমত আলী জানান, প্রতিবার ইজতেমার সময় গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ইজতেমার চার পাশের সড়কগুলোতে ধুলা ময়লা প্রতিরোধে পানি দেয়া হয়। কিন্তু এবার রাস্তায় পানি না দেওয়ায় ধুলা ময়লার জন্য রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না। ফলে চিকিত্সা কেন্দ্রগুলোতে সর্দি, কাশি ও পেটেরপীড়া নিয়ে শত শত মুসল্লিরা ভিড় করছে।
গাজীপুর সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন, আমাদের মেয়র এবারের ইজতেমায় উপস্থিত না থাকায় একটু এলোমেলো হচ্ছে। এদিকে সরেজমিনে জানা যায়, ২৩০ একর জমির মধ্যে  ১৬০ একর জমির উপর ইজতেমা অনুষ্ঠিত হয়। বাকি ৭০ একর জমি বেদখল হয়ে যাওয়ায় ইজতেমায় আগত মুসল্লিদের ময়দান ছেড়ে চার পাশের সড়কগুলোর উপর অবস্থান নিতে হয়। এতে করে অন্য মুসল্লিদের সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এদিকে ইজতেমা উপলক্ষে তিন দিন আগে থেকে একাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা যানজট নিরসনের জন্য ইজতেমা ময়দানে উপস্থিত থাকলেও যানজট মুক্ত করতে পারছে না।
প্রথম দিনে যারা বয়ান করলেন
বাদ ফজর পাকিস্তানের মাওলানা এহসানের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। বাদ জুম্মা বয়ান করেন মাওলানা শওকত আলী। বাদ আসর আম বয়ান করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা যোবায়ের। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা সা’দ। 
বয়ানে বলা হয়, গরিরেব জন্য ঈদের নামাজের পর অতি উত্তম ইবাদত হলো শুক্রবারের জুম্মার নামাজ। এদিনে আল্ল­াহ্র কাছে যে যা চাইবে, আল্লাহ তাকে তাই দেবেন। এ নামাজ আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ঈমান, আমল ও দাওয়াতের মেহনত সম্পর্কে বাদ জুম্মার বয়ানে মাওলানা শওকত আলী বলেন, ‘একজন ইমানদার বান্দাও পৃথিবীতে বেঁচে থাকলে এবং আল্লাহকে ডাকলে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন না। পৃথিবীতে যেদিন থেকে ইমানদারি চলে যাবে সেদিন থেকে পর্যায়ক্রমে পৃথিবীর নানা স্তর আল্লাহপাক ধ্বংস করে দিবেন।
বয়ানের তরজমা
বিশ্ব ইজতেমায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ মারকাজের ১৫-২০ জন শুরা সদস্য ও বুজর্গ বয়ান পেশ করবেন। মূল বয়ান উর্দুতে হলেও বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় তাত্ক্ষণিক অনুবাদ হচ্ছে। বিদেশি মেহমানদের জন্য মূল বয়ান মঞ্চের উত্তর, দক্ষিণ ও পূর্বপাশে হোগলা পাটি পাতা রয়েছে। বিভিন্ন ভাষাভাষি মুসল্লিরা আলাদা আলাদা বসেন এবং তাদের মধ্যে একজন করে মুরুব্বী মূল বয়ানকে তাত্ক্ষণিক অনুবাদ করে শুনান।
হজ্বের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হলো এ বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাতের উদ্যোগে প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে এ ইজতেমা অনুষ্ঠিত হয়।
বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ
ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, কম্বোডিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানী, ইরান, জাপান, মাদাগাস্কার, পানামা, সেনেগাল, তাঞ্জানিয়া, ত্রিনিদাদ, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, বেলজিয়াম, ক্যামারুন, চীন, কমোরেস, ফিজি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইটালি, কেনিয়া, মালয়েশিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, জাম্বিয়া, কোরিয়া, আলজিরিয়া, জিবুতি, ইথিওপিয়া, ইরাক, ফিলিস্তিন, কুয়েত, মরক্কো, কাতার, তিউনিসিয়া, ইয়েমেন, বাহরাইন, জর্দান, ভারত, সুদান, দুবাইসহ বিশ্বের ৫৮টি দেশের ১২ হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। ভাষা ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য মোট ৪টি তাঁবু নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।
ওজুর ও গোসলের পানি
ইজতেমা ময়দানে পানির অপ্রতুলতার কারণে মুসল্লিদের আশপাশ এলাকা থেকে ওজু ও গোসলের জন্য পানি কিনতে হয়েছে। তারা ওজুর পানি ১০ টাকা এবং গোসলের পানি ২৫ টাকা দরে কিনেছেন। ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা মুসল্লি মিন্টু রহমান জানান, ‘ময়দান থেকে পানি সংগ্রহে কষ্টের কারণে বাইরে থেকে ১০ টাকা প্রতি বদনা পানি কিনে নামাজের জন্য ওজু করছি।
ইজতেমায় মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমায় এসে গত বৃহস্পতিবার রাতে আব্দুর রহিম নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। শুক্রবার বাদ জু’মা ইজতেমা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ও আশপাশ এলাকার হোটেল রেস্তোরাঁয় গতকাল বিকাল পর্যন্ত দুই দিনে মোট ১৬টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। অভিযানে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর খাদ্যদ্রব্য রাখা ও বিক্রয়ের অভিযোগে বিশুদ্ধ খাদ্য আইনে পৃথক ১৬টি মামলা ও সাড়ে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ইজতেমা মাঠ পরিদর্শন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি গতকাল সকালে ইজতেমা মাঠ পরিদর্শন করেছেন। এসময় তিনি পুলিশের কন্ট্রোল রুমের কাছে সাংবাদিকদের বলেন, অবরোধের কারণে মুসল্লিদের ইজতেমা ময়দানে আসতে অনেক সমস্যা হয়েছে।
মাইকের স্বল্পতা
মাইকের স্বল্পতার কারণে ইজতেমা মাঠের বাইরে যারা জুমার নামাজে অংশ গ্রহণ করেছেন তাদের অনেকেই নামাজের তাকবির ও বয়ান শুনতে পাননি বলে অভিযোগ করেছেন।
যানজটের কবলে মুসল্লিরা
গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কালীগঞ্জ সড়ক ও আশুলিয়া-সাভার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাস, মিনিবাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন এ সময় ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকে। ইজতেমায় আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি­ এ সময় হেঁটে ইজতেমাস্থলে আসেন।
মিডিয়া সেন্টার স্থাপন
বিশ্ব ইজতেমায় এবারই প্রথম সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে। গাজীপুরের পুলিশ সুপার মুহাম্মদ হারুন অর রশীদ পিপিএম-এর উদ্যোগে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কন্ট্রোল রুম সংলগ্ন স্থাপিত মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাজের সুবিধার জন্য বিনামূল্যে দ্রুত গতির ইন্টারনেট সুবিধা, টেলিফোন, সার্বক্ষণিক বিদ্যুত্ ব্যবস্থা রয়েছে।
 আজ যৌতুকবিহীন বিয়ে

ইসলামী শরিয়া অনুযায়ী আজ শনিবার বাদ আসর শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল থেকে ওইসব বিয়ের জন্য বয়ান মঞ্চের কক্ষেই বর-কনের নাম তালিকাভুক্ত করা হবে। বাদ আসর বিয়ের কাজ সম্পন্ন হবে।