নাইজেরিয়ায় ২০০০ মানুষকে হত্যা করেছে বোকো হারাম

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ১৪:২৪
 
 
নাইজেরিয়ার বাগা শহরের ঝোপঝাড়ের মধ্যে কয়েকশো মৃতদেহ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এটিকে ‘প্রাণঘাতী গণহত্যা’ বলে উল্লেখ করেছে সংস্থাটি। শনিবার এপি’র খবরে এই তথ্য জানানো হয়েছে। 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা বাগা শহরে দুই হাজার মানুষকে হত্যা করেছে। 
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া গবেষক ড্যানিয়েল আইরে বলেছেন, বোকো হারামের চালানো হামলার মধ্যে এটি সবচেয়ে বড় হামলা। 
নাইজেরিয়ার সরকারি মুখপাত্র মাইক ওমেরি জানান, মধ্য আফ্রিকার দেশ চাদ সীমান্ত সংলগ্ন বাগা শহরে শুক্রবার সেনাবাহিনীর সঙ্গে বোকো হারাম জঙ্গিদের সংঘর্ষ হয়েছে। গত ৩ জানুয়ারি প্রথম জঙ্গিরা শহরটি দল করে নেয় ও বুথবার তারা আবারো হামলা চালায়। 
বাগা জেলা প্রধান বাবা আব্বা হাসান জানান, জঙ্গিদের হাতে নিহত মানুষদের মধ্যে অধিকাংশই নারী, শিশু ও বৃদ্ধ মানুষ। জঙ্গিরা রকেট চালিত গ্রেনেড ও গুলি করে শহরবাসীদের ওপর হামলা চালিয়েছে।
বোকো হারামের বিরুদ্ধে অভিযানে অংশ নেয়া একটি সেনা গ্রুপের মুখপাত্র মুহাম্মদ আব্বা গাভা বলেছেন, বর্তমানে শহরটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহগুলো জড়ো করে তা গণনার চেষ্টা করা হচ্ছে।