সাবেক সিআইএ প্রধান পেট্রাউসের বিরুদ্ধে অভিযোগ গঠনের সুপারিশ

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ১৫:৪৭



যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক ডেভিড পেট্রাউসের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য সুপারিশ করেছেন দেশটির সরকারি কৌসুলিরা। পেট্রাউসের সাবেক প্রণয়িনী পউলা ব্রডওয়েলকে গোপন তথ্যা সরবরাহ করার ঘটনায় এই সুপারিশ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা  হয়েছে।
পউলা ব্রডওয়েলের সঙ্গে প্রণয়ের জের ধরে ২০১২ সালে সিআইএ প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সাবেক জেনারেল পেট্রাউস। পদত্যাগের পর নর্থ ক্যারোলিনার শারলোটে অবস্থিত পউলার বাড়িতে তল্লাশি চালিয়ে  তার কম্পিউটার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করে এফবিআই। এরপরই এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করে মার্কিন বিচার বিভাগ। তদন্তে দেখা যায়, পেট্রাউস তার প্রেমিকা ব্রডওয়েলকে সিআইএ’র ইমেইলে প্রবেশাধিকার দিয়েছিলেন। এছাড়া তাকে সংস্থাটির অন্যান্য গুরনুত্বপূর্ণ তথ্যাদিও সরবরাহ করেছিলেন। এ ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সরকারি কৌসুলিরা পেট্রাউসের বিরুদ্ধে ফোজদারি অভিযোগ আনার সুপারিশ করেছেন। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত  নেবেন এটর্নি জেনারেল এরিক হোল্ডার। প্রসিকিউটরদের এই সুপারিশ সম্পর্কে পেট্রাউসের আইনজীবি কোনো মন্তব্য করেননি।

সিআইএ’র সাবেক পরিচালকের বিরুদ্ধে গোপন তথ্য পাচারের এই অভিযোগ প্রমানিত হলে তাকে কারাদন্ড ভোগ করতে হবে। তবে ব্রডওয়েলকে তথ্য সরবরাহের অভিযোগটি শুরু থেকেই অস্বীকার করে আসছেন তিনি। উল্লেখ্য, পেট্রাউস ইরাক এবং আফগানিস্তানে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।