সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংলাপে বসে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি দায়িত্বশীলতার পরিচয় না দেন এবং সমস্যা সমাধানে এগিয়ে না আসেন, তাহলে রাষ্ট্রপতিকে একটি অর্থবহ সংলাপের উদ্যোগ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সুজন আয়োজিত ‘সংলাপ ও সমঝোতা আজ জরুরি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। লিখিত বক্তব্যে বলা হয়— গত ৫ জানুয়ারির যে অস্বস্তিকর নির্বাচন হয়েছিল, বর্তমানের হানাহানি তারই প্রতিফলন। যদি রাজনৈতিক নেতারা সংকট সমাধানে দায়িত্বশীলতার পরিচয় না দেন, তাহলে রাষ্ট্রপতিকেই একটি অর্থবহ সংলাপের উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রপতির দায়িত্ব হচ্ছে ‘সুপিরিঅর রেসপনসিবিলিটি’। তিনি অনেক বড় দায়িত্বে আছেন। আশা করা হচ্ছে, প্রয়োজন হলে রাষ্ট্রপতি যথাযথ প্রজ্ঞা ও সাহসিকতার পরিচয় দেবেন।
বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতের অনিশ্চয়তা এড়াতে হলে রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্টদের সংলাপে বসা ও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতায় আসা জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপে বসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। প্রাথমিক পদক্ষেপ প্রধানমন্ত্রীকেই নিতে হবে। তবে আমরা পূর্বের ন্যায় ‘সংলাপ সংলাপ খেলা’ দেখতে চাই না।
তিনি বলেন, এরই মধ্যে রাজনৈতিক সহিংসতায় সারা দেশে ৯ জন নিহত হয়েছে। যানবাহনে আগুন দেয়ার ঘটনা ক্রমেই বাড়ছে, ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। ৪ জানুয়ারি থেকে দেশজুড়ে মানুষ অবরুদ্ধ। এ এক অসহনীয় অবস্থা, যা গত নির্বাচন পূর্ববর্তী সহিংসতাপূর্ণ পরিস্থিতির কথাই মনে করে দিচ্ছে। এ সময় তিনি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এগুলো বন্ধের দাবি জানান। বদিউল আলম মজুমদার বর্তমানে সরকার গণমাধ্যমের ওপর যে ধরনের অলিখিত নিষেধাজ্ঞা জারি করছে তার সমালোচনা করেন। এ ধরনের পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান তিনি।
প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ‘রাজনৈতিক সংকট জঙ্গিবাদ সমস্যা তৈরি করছে। আমরা বর্তমানে অন্ধকারের দিকে যাচ্ছি। চুপ করে বসে থাকলে চলবে না। নীরবতা ভাঙতে হবে।’ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সুজনের প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।
