বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলার খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছেন ভারতে ক্ষমতাসীন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। শনিবার বাংলাদেশের দুটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসনের কথা বলার বিষয়টি গুজব ও ভিত্তিহীন।’
গত বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় যে, বুধবার রাতে খালেদা জিয়াকে টেলিফোন করে তার খোঁজ-খবর নিয়েছিলেন অমিত শাহ। কিন্তু আজ চ্যানেল টোয়েন্টিফোরকে বিজেপি চেয়ারম্যান বলেছেন, ‘দিজ ইস টোটালি রিউমার।’ অন্য এক সাক্ষাত্কারে একাত্তর টেলিভিশনকে তিনি বলেন, ‘দিস ইজ এ ফেক নিউজ।’
এদিকে এই খবরকে সত্য দাবি করে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আজও দাবি করেছেন, ‘ভরতের ক্ষমতাশীন দল বিজেপির সভাপতি অমিত শাহ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যে ফোনালাপ নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়াচ্ছে।’
