‘জাতীয় ঐক্যের’ মন্ত্রিসভা গড়ার চেষ্টা করছেন সিরিসেনা

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ২০:৪৭
 
 
 
শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তার দায়িত্ব গ্রহণের প্রথম দিন শনিবার একটি মন্ত্রিসভা গঠনে কাজ শুরু করেছেন। সিরিসেনা তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধ-বিধ্বস্ত দেশটির কূটনৈতিক অবস্থান নবায়ন এবং গণতান্ত্রিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নের প্রত্যাশা করছেন।
 
ক্ষমতাসীন প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসেকে পরাজিত করে সিরিসেনা শুক্রবার সন্ধ্যায় শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। সিরিসেনার এক সহকারী বলেন, সিরিসেনা পার্লামেন্টে প্রতিনিধিত্বশীল বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে একটি জাতীয় ঐকমত্যের মন্ত্রিসভা গঠনের চেষ্টা করছেন।
সিরিসেনার সহকারী নিশান্থ বর্ণসিংহে এএফপিকে বলেন, ‘প্রধান কাজ হলো একটি মন্ত্রিসভা গঠন এবং এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।’
 
সিরিসেনা জরুরি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের লক্ষে একটি ১০০ দিনের কর্মসূচি প্রস্তাব করেছেন। রাজাপাকসে তার এক দশকের শাসনকালে প্রেসিডেন্টের যে ক্ষমতা বৃদ্ধি করেছেন তা আবার হ্রাস করাও এ কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে।
শপথ গ্রহণের পর পরই সিরিসেনা সংসদে বিরোধী দলীয় নেতা রনিল বিক্রমসিংহেকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। তার হাতেও পর্যাপ্ত ক্ষমতা থাকবে বলে আশা করা হচ্ছে।