অসভ্যদের নিবৃত্ত করছে সরকার: মতিয়া চৌধুরী

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ২১:৪৪
 
 
 
 
 
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘একটি নির্বাচন হয়ে গেছে। পরবর্তী নির্বাচনের মাথায় প্রয়োজনে আবার আলোচনা হবে। সভ্যতা রক্ষার জন্য অসভ্যদের নিবৃত্ত করতে হয়। সরকার সেটিই করছে এবং করবে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) মাহবুবুর রহমান বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনই সবচেয়ে বড় ভুয়া। নির্বাচনের আগে সরকার সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসনের ধারবাহিকতার কথা বলেছিল। এখন তারা সেটি অস্বীকার করছে।’ শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি সংলাপের ৯৯তম পর্বে এ সব কথা বলা হয়। বিবিসি মিডিয়া অ্যাকশন এবং বিবিসি বাংলা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
নিরাপদ সড়ক চাইর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বর্তমানে দুই দলের রাজনীতিকদের কাছে আমরা নেতিবাচক বিষয় ছাড়া অন্য কিছু শিখতে পারছি না। রাজনীতিকরা মিথ্যাচার করছেন। ক্ষমতায় যাওয়া ও টিকে থাকার জন্য তারা রাজনীতি করছেন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হুসেইন বলেন, ‘বর্তমানে আমরা এক ধরনের সংকটের মধ্যে আছি। কাউকে অফিসবন্দি বা গৃহবন্দি করা যেমন উচিত নয়, তেমনি আন্দোলনের নামে সহিংসতাও অন্যায়। গণতন্ত্রের জন্য বিরোধীদল অপরিহার্য। জুজুর ভয়ে যদি সমাবেশ করতে না দেয়া হয়, তাহলে পরিস্থিতি আরো মন্দ হবে। ভয়ের মধ্যে গণতন্ত্রকে প্রবেশ করিয়ে দিলে চলবে না। এ মুহূর্তে আমরা যুদ্ধের অবস্থা এবং সংকটের অবস্থা দেখছি। সংলাপের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।’