চাঁপাইনবাবগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেএম মোস্তাকিনুর রহমানের সরকারি বাসভবনে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নাজির ভব সুন্দর পাল (ভবেশ) জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে অজ্ঞাত দূর্বৃত্তরা বিচারকের বাড়িকে লক্ষ করে পর পর তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে কেউ আহত না হলেও ককটেলের বিকট শব্দে এলাকায় আতংক সৃষ্টি হয়।
তবে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দীন বলেন, ‘সেখানে (বিচারকের বাড়ির কাছে) একটি মাত্র শব্দ হয়েছে। সেটা ককটেল নাকি অটো গাড়ির টায়ার ফাটার শব্দ তা নিশ্চিত নয়’। পরে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে সদর থানা পুলিশ জেলা জজ কবিতা খানমের বাসভবনের পেছন থেকে একটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে।
এদিকে রাত সাড়ে ৯ টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুরের হুজরাপুরে একটি ট্রাকে আগুন দেয় অবরোধ সমর্থকরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
