ফরিদপুর শহরের নিলটুলী এলাকার রূপালী ব্যাংকের কর্পোরেট শাখা থেকে রবিবার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভল্ট থেকে প্রায় দেড় কোটি টাকা খোয়া গেছে।
এ ঘটনায় পুলিশ ঐ ব্যাংকের এক কর্মচারী, এক প্রহরী ও তিন আনসার সদস্যকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে তাদের নাম জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পরপর দুই সাপ্তাহিক ছুটিশেষে আজ ব্যাংকের ভল্ট খোলা পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভল্ট থেকে প্রায় দেড় কোটি টাকা খোয়া গেছে।
গ্রাহকরা জানান, আজ সকাল ১০টার দিকে ব্যাংকে টাকা তুলতে গেলে প্রথমে কম্পিউটার হ্যাক হয়েছে বলে লেনদেনে সমস্যা হচ্ছে জানিয়ে টাকা দেয়া হয়নি। পরে জানা যায়, ব্যাঙ্কের ভল্টে কোনো টাকা নেই। খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে তাদের কাউকে ব্যাংকের ভেতরে ঢুকতে দেয়া হয়নি। এছাড়া ব্যাংকের কর্মকর্তারা এই বিষয়ে কথা বলতে রাজি হননি।
রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায় জানান, ঘটনাটি পরে সাংবাদিকদের জানানো হবে।
