সালামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১৬:৪৭
 
 
রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মশিউর রহমান রবিবার ঢাকার মহানগর হাকিম আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
অন্যদিকে আবদুস সালামের পক্ষে রিমান্ডের বিরোধিতা এবং জামিনের আবেদন করেন আইনজীবী মোসলেহ উদ্দিন জসীম। শুনানি শেষে বিচারক ওয়ায়েস কুরুণী জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত সপ্তাহে লন্ডনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের দেয়া বক্তব্য সরাসরি সম্প্রচার নিয়ে তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন গত ৮ জানুয়ারি এ মামলা করেন। মামলায় তারেককেও আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ, তারেক ও সালাম পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের ‘সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন এবং আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা’ তৈরি করতে চেয়েছিলেন। এছাড়াও স্বাধীন বিচার বিভাগের মধ্যে বিভক্তি সৃষ্টি, সেনাবাহিনী ও বিজিবির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি, পুলিশ বাহিনীর মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টারও অভিযোগ আনা হয়েছে মামলায়।