খালেদা জিয়া অবরোধের নামে নাশকতার উস্কানি দিচ্ছেন : রেলপথ মন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১৭:৪৭


রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অবরোধের নামে ধ্বংসাত্মক ও নাশকতামূলক কাজের উস্কানি দিচ্ছেন। জাতীয় সম্পদ বাংলাদেশ রেলওয়েকে ধ্বংসাত্মক ও নাশকতার হাত থেকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে।
রেলপথ মন্ত্রী রবিবার রাজধানীর রেল ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
মন্ত্রী  বলেন, ২ হাজার ৮৭৭ কিলোমিটার দীর্ঘ রেলপথের ১০৪১টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে জিআরপি, আরএনবি, পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি নিয়োগের সিদ্ধান্ত নেয়া হবে।
রেলপথ মন্ত্রী নাশকতা ও ধ্বংসাত্মকের হাত থেকে বাংলাদেশ রেলওয়েকে রক্ষার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্যসহ স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র, রেলপথ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, আনসার ও ভিডিপি’র মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রী জানান, কুমিল্লার নাঙ্গলকোর্টে রেলওয়ের নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, রেলওয়ের যাত্রীদের সেবা ও নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। রেলওয়ে যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন সেজন্য আমরা কাজ করছি।
মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগের পাশাপাশি ট্রেন পাইলটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এখন থেকে ট্রেন ছাড়ার আগে পাইলটিং করা হবে বলে।
এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৩৩৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। অবরোধ সত্ত্বেও এই ট্রেনগুলো যথারীতি চলাচল করবে। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশ রেলওয়েকে রক্ষা করা। এজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে।
ট্রেনের শিডিউল বিপর্যয় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, নিরাপত্তার কারণে ট্রেন চলাচলের গতি কমানো হয়েছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা কাজ করছি বলে তিনি উল্লেখ করেন।