প্যারিস সমাবেশে ৪০ দেশের নেতৃবৃন্দ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ২২:০৪


প্যারিস সমাবেশে রবিবার যোগ দিচ্ছেন বিশ্বের প্রায় ৪০টি দেশের নেতৃবৃন্দ। ফ্রান্সে তিন দিনের সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হওয়ার পর সংহতি প্রকাশে নেতৃবৃন্দ প্যারিসে সমবেত হচ্ছেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, রবিবারের সমাবেশে ১০ লাখ মানুষ অংশ নিবেন। সমাবেশ উপলক্ষে রাজধানী প্যারিসে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ২ হাজার পুলিশ ও এক হাজার ৩৫০ সেনা সদস্য।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাদ কাজেনুভা বলেন, ‘সামনের সপ্তাহগুলোতেও ফ্রান্স সতর্ক থাকবে।’ তিনি রোববার সকালে ইউরোপের দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে জঙ্গিদের হুমকি নিয়ে আলোচনা হবে।
রবিবারের সমাবেশে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সমাবেশে আগতরা স্থানীয় সময় বেলা ৩ টায় মিছিল সহকারে প্যালেস দ্য লা রিপাবলিক ত্যাগ করবেন। গত সপ্তাহে হামলায় নিহতদের আত্মীয়স্বজনরা মিছিলের নেতৃত্ব দেবেন। এতে ১০ লাখেরও বেশি লোকের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
সমাবেশের আগে ইহুদী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। প্যারিসের পূর্বাঞ্চলে ইহুদীদের একটি সুপার মার্কেটে এক সন্ত্রাসীর হামলায় চারজন নিহত হয়। এর একদিন আগে বন্দুকধারী আমেদি কাউলিবালির গুলিতে এক নারী পুলিশ সদস্য নিহত হন।
এছাড়া গত বুধবার শার্লি হেবদো পত্রিকার সদর দপ্তরে কালাশনিকভ রাইফেল ও রকেট লঞ্চার নিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে পত্রিকাটির অন্যতম প্রধান সম্পাদক স্তেফান শার্বনেয়ার, তিন ব্যঙ্গচিত্রশিল্পী উয়োলিন্স্কি, তিনু ও কাবু এবং পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। হামলাকারী সন্দেহভাজন দুই ভাই পরে পুলিশের গুলিতে নিহত হয়।