‘রেলে নাশকতা ঠেকাতে ৮ হাজার আনসার নিয়োগের সিদ্ধান্ত’

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১৮:৩০
 
 
 
 
 
রেলপথ মন্ত্রী মজিবুল হক বলেছেন, ‘জাতীয় সম্পদ বাংলাদেশ রেলওয়েকে ধ্বংসাত্মক ও নাশকতার হাত থেকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে। ২ হাজার ৮৭৭ কিলোমিটার দীর্ঘ রেলপথের এক হাজার ৪১টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে জিআরপি, আরএনবি, পুলিশের পাশাপাশি ৮ হাজার আনসার-ভিডিপি নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ রবিবার  রেল ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পাশাপাশি রেলমন্ত্রী নাশকতার হাত থেকে বাংলাদেশ রেলওয়েকে রক্ষার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্যসহ স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
রেলপথ মন্ত্রী বলেন, ‘ঝুঁকিপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগের পাশাপাশি ট্রেন পাইলটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এখন থেকে ট্রেন ছাড়ার আগে পাইলটিং করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেল মন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৩৩৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। অবরোধ সত্ত্বেও এই ট্রেনগুলো যথারীতি চলাচল করবে। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হবে। রেল পুলিশের সঙ্গে পুলিশও রেলের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। আরো আট হাজারের বেশি আনসার নিয়োগ করে রেল লাইন পাহারা দিতে সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশ রেলওয়েকে রক্ষা করা। এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। এ ছাড়া ট্রেন ছাড়ার আগে নিরাপত্তা ব্যবস্থা দেখতে টহলকার পাঠানোর বিষয়টি বিদ্যমান আছে। এটা আরো জোরদার করা হবে।’
রেলপথ মন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে উপস্থিত ছিলেন রেলের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদার, রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল  নাজিম উদ্দিন প্রমুখ।