ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) ঢাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও অনুমতি নিয়েই সোমবার জনসভা করব করছে আওয়ামী লীগ। রবিবার দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ কথা বলেন।
বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার নির্মীয়মান মঞ্চ এবং মাঠ পরিদর্শন কালে সাংবাদিকদের তিনি আরো বলেন, সরকার বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির নামে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি বলেন, ‘যানবাহনে অগ্নিসংযোগ ও রেলের ফিসপ্লেট তুলে ফেলা কোন রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এটা সন্ত্রাস ও জঙ্গবাদী কর্মকাণ্ড।
১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল সোমবার এ জনসভা অনুষ্ঠিত হবে।
এ সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী এএডভোকেট কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, বিএনপির নেতা-নেত্রীরা ঘরের মধ্যে বসে অবরোধ আর পিকনিক করছে। এটা জাতির সাথে প্রতারনা করা ছাড়া আর কিছু নয়। অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমরা আগামীকালের জনসভা করব।
এ বিষয়ে তিনি বলেন, ঢাকায় আওয়ামী লীগের যে নেতা-কর্মী ও সমর্থক রয়েছে তা দিয়েই আগামীকালের আওয়ামী লীগের জনসভা সফল হবে। ঢাকার বাইরে থেকে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের আসার দরকার হবে না।
